Sunday, November 15, 2026
Homeফিচারভারতের ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটন-চিকিৎসা-ব্যবসায় সুখবর

ভারতের ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটন-চিকিৎসা-ব্যবসায় সুখবর

বিদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করতে বড় ধরনের সংস্কার এনেছে ভারত সরকার।

দেশটির ভিসার প্রধান শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপশ্রেণি ৪৯টি থেকে কমিয়ে ২৩টি করা হয়েছে। পাশাপাশি ভিসার আবেদন ফরমের তথ্য পূরণের ক্ষেত্র ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পর্যটন, চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও ব্যবসার উদ্দেশ্যে বিদেশিদের ভারতে যাতায়াত সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে ২০২৫ সালের অক্টোবরে ভিসার শ্রেণি পুনর্বিন্যাসের কাজ শুরু হয়েছিল। সর্বশেষ পরিবর্তনের আগে উন্নত দেশগুলোর ভিসাব্যবস্থা ও আন্তর্জাতিক মানদণ্ড পর্যালোচনা করেছে সরকার।

পর্যটক ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’

নতুন ব্যবস্থায় পর্যটক ভিসার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ভিজিটর ভিসা’। প্রচলিত পর্যটনের পাশাপাশি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, সুস্থতা কার্যক্রম এবং স্বল্পমেয়াদি সাংস্কৃতিক ও শিক্ষামূলক কোর্সও এ ভিসার আওতায় আনা হয়েছে।

ভিজিটর ভিসাকে ভি-১ ও ভি-২—এই দুই উপশ্রেণিতে ভাগ করা হয়েছে। ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন এবং এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। পর্যটনের পাশাপাশি স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, সুস্থতা কার্যক্রম, স্বল্পমেয়াদি চিকিৎসা, ভারতীয় ভাষা, সংগীত, চারুকলা ও হস্তশিল্পের কোর্স এবং স্বল্পমেয়াদি যোগব্যায়াম কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ থাকবে এ ভিসায়।

অন্যদিকে, ভি-২ ভিসা তুলনামূলক দীর্ঘমেয়াদি ভ্রমণের জন্য। যোগ্যতা অনুযায়ী এ ভিসার মেয়াদ হবে এক, পাঁচ অথবা ১০ বছর। ভি-১ ভিসার আওতাভুক্ত কার্যক্রমের পাশাপাশি পর্বতারোহণের সুযোগও থাকবে এতে। পর্বতারোহণের জন্য ছয় মাস মেয়াদি একাধিকবার প্রবেশের বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।

চিকিৎসা ভিসার মেয়াদ এক বছর

চিকিৎসা ভিসার কাঠামোও নতুন করে সাজানো হয়েছে। প্রচলিত চিকিৎসা এবং আয়ুষ পদ্ধতির চিকিৎসার জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে।

এম-১ ভিসা দেওয়া হবে আয়ুষ পদ্ধতির বাইরে অন্যান্য চিকিৎসার জন্য। আর আয়ুষ পদ্ধতিতে চিকিৎসার ক্ষেত্রে দেওয়া হবে এম-৩ ভিসা। উভয় ভিসা এবং এর ই-ভিসা সংস্করণের মেয়াদ হবে সাধারণভাবে এক বছর। এতে একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে।

রোগীর সঙ্গে যাওয়া ব্যক্তিদের জন্যও আলাদা ভিসার ব্যবস্থা রাখা হয়েছে। এম-১ ভিসাধারীদের সঙ্গীদের দেওয়া হবে এম-২ ভিসা। আর এম-৩ ভিসাধারীদের সঙ্গীদের জন্য থাকবে এম-৪ ভিসা।

ভারত সরকারের আশা, নতুন ব্যবস্থায় দীর্ঘমেয়াদি চিকিৎসা, একাধিকবার চিকিৎসকের পরামর্শ নেওয়া কিংবা পরবর্তী পরীক্ষার জন্য যাতায়াতকারী বিদেশি রোগীদের সুবিধা হবে। এতে চিকিৎসার জন্য বারবার নতুন করে ভিসার আবেদন করার প্রয়োজন কমবে। ‘হিল ইন ইন্ডিয়া’ উদ্যোগের অংশ হিসেবেও এ পরিবর্তন আনা হয়েছে।

শিক্ষার্থী ও গবেষকদের জন্য নতুন ব্যবস্থা

শিক্ষার্থী ভিসাকে এস-১ ও এস-২—এই দুই উপশ্রেণিতে ভাগ করা হয়েছে। এস-১ ভিসার আওতায় স্কুল, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা অন্তর্ভুক্ত থাকবে।

এস-২ ভিসা দেওয়া হবে পিএইচডি গবেষক, গবেষণারত শিক্ষার্থী, অতিথি শিক্ষক, বৈজ্ঞানিক ও নৃতাত্ত্বিক অভিযানে অংশগ্রহণকারী, শিক্ষানবিশ এবং বিনিময় কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের।

‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীদের সর্বোচ্চ পাঁচ বছর অথবা শিক্ষাকোর্সের মেয়াদ পর্যন্ত—যেটি কম—ই-এস১ ভিসা দেওয়া হতে পারে। এ ভিসায় একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে।

ব্যবসায়িক ভিসার শ্রেণি পুনর্বিন্যাস

ব্যবসায়িক ভিসাকেও বি-১ ও বি-২—এই দুই ভাগে সাজানো হয়েছে। বি-১ ভিসার আওতায় দীর্ঘমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম এবং ভারতে শিল্প বা ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহী বিদেশি নাগরিকেরা আসবেন।

বি-২ ভিসা দেওয়া হবে স্বল্পমেয়াদি ও চুক্তিভিত্তিক কার্যক্রমের জন্য। এর মধ্যে উৎপাদন ও বিনিয়োগসংক্রান্ত ব্যবসা, সম্মেলন, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং চলচ্চিত্রের শুটিং অন্তর্ভুক্ত রয়েছে।

এ ছাড়া ভারতীয় প্রতিষ্ঠানের নিয়োগ করা বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও কারিগরি কর্মীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। কারখানা স্থাপন ও চালু করা, মান যাচাই, রক্ষণাবেক্ষণ, উৎপাদন, তথ্যপ্রযুক্তি ও এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং কার্যক্রম, প্রশিক্ষণ, সরবরাহব্যবস্থার উন্নয়ন, কারখানার নকশা এবং কারিগরি সহায়তার কাজে যুক্ত ব্যক্তিরা এ সুবিধা পাবেন।

এ ধরনের পেশাজীবীদের বি-২ শ্রেণির আওতায় উৎপাদন ও বিনিয়োগসংক্রান্ত ব্যবসায়িক ভিসা দেওয়া যেতে পারে। ই-ভিসার মাধ্যমেও এ ভিসার আবেদন করা যাবে। আগে এ ধরনের ভিসা ই-বি৪ নামে পরিচিত ছিল।

১৭২ দেশের নাগরিকদের জন্য ই-ভিসা

বর্তমানে ভারতের ১৩টি উপশ্রেণিতে ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদনের মাধ্যমে ই-ভিসা দেওয়া হয়। বিশ্বের ১৭২টি দেশের নাগরিকেরা এ সুবিধা পান।

নতুন নিয়ম কার্যকর করতে তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় পরিবর্তন আনার কাজ করছে ভারতের সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন কাঠামোর আওতায় ২০২৬ সালের শেষ নাগাদ ভিসা দেওয়া শুরু হতে পারে।

সংস্কার করা ব্যবস্থায় ভিসার প্রধান ৯টি শ্রেণি হবে—ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ ভিসা।

বিবিধ ভিসার আওতায় ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি এবং তাদের স্বামী-স্ত্রী ও সন্তান, দীর্ঘমেয়াদি ভিসাধারী বিদেশি নাগরিকদের নির্ভরশীল সদস্য, অরোভিল ফাউন্ডেশনের মতো নির্দিষ্ট প্রতিষ্ঠানে যোগ দিতে যাওয়া ব্যক্তি এবং ভারতে অবস্থানের ভিসা প্রত্যাশী আফগান নাগরিকেরা অন্তর্ভুক্ত থাকবেন। প্রতিবেশী কয়েকটি দেশের নাগরিকদের জন্য নির্দিষ্ট দীর্ঘমেয়াদি ভিসার ব্যবস্থাও এ শ্রেণিতে রাখা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments