ইউডিসি ও প্রবাসী হেল্পডেস্ক উদ্যোক্তাদের নিয়ে “নিরাপদ অভিবাসন ও মানব পাচার বিষয়ক ডিজিটাল সেবাভিত্তিক ওরিয়েন্টেশন” কর্মশালা অনুষ্ঠিত
গত ১২ অক্টোবর ২০২৫ তারিখে রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) এবং এটুআই (a2i – Aspire to Innovate)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় “নিরাপদ অভিবাসন ও মানব পাচার বিষয়ক ডিজিটাল সেবাভিত্তিক ওরিয়েন্টেশন” শীর্ষক এক দিনব্যাপী কর্মশালা। কর্মশালাটি সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে পরিচালিত আশ্বাস প্রকল্প (Ashshash Project) এর আওতায় অনুষ্ঠিত হয়।
এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল তৃণমূল পর্যায়ে ইউনিয়ন ডিজিটাল সেন্টার ( ইউডিসি ) ও প্রবাসী হেল্পডেস্ক উদ্যোক্তাদের ডিজিটাল সেবার মাধ্যমে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং মানব পাচার প্রতিরোধে কার্যকর ভূমিকা পালনে সক্ষম করে তোলা।
দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীরা মানব পাচারের ঝুঁকি শনাক্তকরণ, সুরক্ষা সেবা সম্পর্কিত জাতীয় রেফারেল ব্যবস্থা, এবং অভিবাসন বিষয়ক বিভিন্ন ডিজিটাল সেবার ব্যবহার নিয়ে আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।
কর্মশালায় মানিকগঞ্জ ও নরসিংদী জেলার ২২টি ইউনিয়ন থেকে ইউডিসি উদ্যোক্তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সম্মিলিত প্রচেষ্টা ভবিষ্যতে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ ও মানব পাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. তাসনিম সিদ্দিকী, নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত), রামরু।
সেশন পরিচালনায় নেতৃত্ব দেন মেরিনা সুলতানা, পরিচালক (কর্মসূচী), রামরু।
এছাড়াও উপস্থিত ছিলেন
এস কে নাজমুল ইসলাম, সিনিয়র ম্যানেজার, উইনরক ইন্টারন্যাশনাল
অসিত ব্যানার্জী, আঞ্চলিক সমন্বয়ক, উইনরক ইন্টারন্যাশনাল
অশোক বিশ্বাস, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এক্সপার্ট, এটুআই
মাসুম বিল্লাহ, কনসালটেন্ট, এটুআই
এই কর্মশালাটি ডিজিটাল সেবার মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে এবং মানব পাচারের মতো অপরাধ দমনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

