প্রবাসীদের ডাক ভোটে উৎসাহ দিতে রোমানিয়ার বাকারুতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ।
প্রবাসীদের Postal Vote BD অ্যাপ এর মাধ্যমে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত শাহনাজ গাজী গত শনিবার রোমানিয়ার Bacău শহরের Sonoma Sportswear SRL প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন। প্রতিষ্ঠানে প্রায় ২০০ বাংলাদেশি কর্মী কর্মরত আছেন যারা দক্ষতা ও শ্রমের মাধ্যমে প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
রাষ্ট্রদূতকে কারখানায় উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তার সঙ্গে ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি শেখ কৌশিক ইকবাল। কোম্পানির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইমাম হাসান ইমন, মিস আলেকজান্দ্রাসহ অন্যান্য কর্মকর্তারা।
দূতাবাস কর্মকর্তারা কারখানার বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন এবং বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে প্রথমবারের মতো প্রবাসীরা Postal Vote BD অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন, যা প্রবাসীদের রাজনৈতিক অংশগ্রহণের নতুন দিগন্ত উন্মোচন করেছে।
এ সময় রাষ্ট্রদূত নিজেই অ্যাপের মাধ্যমে নিবন্ধন ও ভোট প্রদানের প্রক্রিয়া প্রদর্শন করেন এবং উপস্থিত সকল বাংলাদেশিকে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করেন। মিস আলেকজান্দ্রা বাংলাদেশি কর্মীদের সততা, দক্ষতা ও অবদানের প্রশংসা করেন।
রাষ্ট্রদূত Sonoma Sportswear কর্তৃপক্ষকে বাংলাদেশিদের কর্মসংস্থান প্রদান ও অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশি শ্রমিকরা শুধু দেশের অর্থনীতিতেই নয়, বিদেশি রাষ্ট্রগুলোর অর্থনীতিতেও সমানভাবে অবদান রেখে চলেছেন। ভবিষ্যতে রোমানিয়া সহ পূর্ব ইউরোপের আরও দেশে বাংলাদেশের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

