অন্তর্বর্তীকালীন সরকারের সময় পরিবর্তন করা পুলিশের পোশাক নিয়ে বাহিনীটির মধ্যে তীব্র অসন্তোষের মুখে আবারও পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের ‘বিরূপ মনোভাব’ এবং জনমতকে প্রাধান্য দিয়ে নতুন রঙের পোশাক নির্ধারণ করে ‘পুলিশ ড্রেস রুলস-২০২৫’ সংশোধনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর।
পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস্ শাখা কর্তৃক পাঠানো প্রস্তাবনায় পুলিশের বিভিন্ন ইউনিটের জন্য নতুন রঙের সুপারিশ করা হয়েছে। এতে মেট্রোপলিটন পুলিশের শার্টের রং হবে লাইট অলিভ এবং জেলা ও অন্যান্য পুলিশের শার্টের রং হবে ডিপ ব্লু।
পুলিশ সদর দপ্তরের লজিস্টিক বিভাগের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম জানান, পোশাক পরিবর্তনের জন্য সরকারের কোনো অতিরিক্ত আর্থিক খরচ হবে না। কারণ, পুলিশ সদস্যদের বাৎসরিক প্রাপ্যতার ভিত্তিতেই নিয়মিত ইউনিফর্ম সরবরাহ করা হয়। প্রজ্ঞাপন জারি হলে পরবর্তী বিতরণের সময় নতুন রঙের পোশাক সরবরাহ করা হবে।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত ওই চিঠিতে ‘পুলিশ ড্রেস রুলস-২০২৫’-এর সংশ্লিষ্ট বিধিগুলো সংশোধনের অনুরোধ জানানো হয়েছে। মন্ত্রণালয় এই বিধি সংশোধন ও প্রজ্ঞাপন জারি করলেই দ্রুততম সময়ে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের গায়ে নতুন রঙের এই ইউনিফর্ম দেখা যাবে।

