Sunday, November 15, 2026
Homeফিচারপ্রতিবন্ধী শিক্ষার্থীদের টাকা উত্তোলন, বিতরণ করেননি শিক্ষা কর্মকর্তা

প্রতিবন্ধী শিক্ষার্থীদের টাকা উত্তোলন, বিতরণ করেননি শিক্ষা কর্মকর্তা

টাঙ্গাইলের ভূঞাপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়ক উপকরণ কেনার জন্য বরাদ্দ করা ৫০ হাজার টাকা উত্তোলন করেও বিতরণ না করার অভিযোগ উঠেছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. আক্তার বানুর বিরুদ্ধে। ২০২৫-২৬ অর্থবছরে আট শিক্ষার্থীর জন্য বরাদ্দ করা এ অর্থ উত্তোলনের পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও তারা কোনো সহায়ক উপকরণ পায়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়ক উপকরণ দেওয়ার উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে ভূঞাপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আট শিক্ষার্থীর তালিকা উপজেলা শিক্ষা অফিসে পাঠানো হয়। তাদের জন্য বরাদ্দ দেওয়া হয় ৫০ হাজার টাকা। অভিযোগ রয়েছে, শিক্ষা কর্মকর্তা নির্ধারিত সময়ে টাকা উত্তোলন করলেও শিক্ষার্থীদের মধ্যে তা বিতরণ করেননি।

সরেজমিনে তালিকাভুক্ত শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, কেউই সরকারি সহায়তা পায়নি। তাদের অনেকের পরিবারই মানবেতর জীবনযাপন করছে।

চর অলোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী দুই বোন তানিয়া ও সোনিয়াকে নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছেন তাদের বাবা রফিকুল ইসলাম। তিনিও দৃষ্টিপ্রতিবন্ধী। অন্যদিকে একই বিদ্যালয়ের বাক্প্রতিবন্ধী শিক্ষার্থী সুবর্ণা আক্তারের বাবা আট মাস আগে সৌদি আরবে মারা যান। অর্থাভাবে তার মরদেহ দেশে আনা সম্ভব হয়নি। তিন মেয়েকে নিয়ে অসহায় অবস্থায় দিন কাটছে সুবর্ণার মায়ের।

ভারই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী রাজিনও বাবাকে হারিয়েছে। তার বাবা বুলবুল ইসলাম মারা যাওয়ার পর মাকে নিয়ে অনাহার-অর্ধাহারে দিন কাটছে তার।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রধান শিক্ষক বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের তালিকা পাঠানো হলেও এখন পর্যন্ত কোনো সুফল পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছা. আক্তার বানু বলেন, সুযোগ বুঝে শিক্ষার্থীদের মধ্যে উপকরণগুলো বিতরণ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments