লালমনিরহাটের কালীগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলার আসামি ইউসুফ আলীকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার চাপারহাট চব্বিশ হাজার গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া ইউসুফ আলী কালীগঞ্জ থানার কাঞ্চনশর গ্রামের মৃত আসমত আলীর ছেলে। তিনি স্থানীয় নিউ রূপসী বাংলা ক্লিনিকের পরিচালক এবং ভুক্তভোগী কিশোরীর প্রতিবেশী বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, গত ২০ আগস্ট ভুক্তভোগী ছাত্রীর ৬ মাস বয়সী ছোট ভাই অসুস্থ থাকায় তার মা চিকিৎসার জন্য লালমনিরহাটে যান। এ সময় ওই কিশোরী বাড়িতে একা থাকার সুযোগে ইউসুফ আলী তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে। ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।
পরে ছাত্রীর মা বাড়িতে ফিরে তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠান।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় ধর্ষণের মামলা করেন। মামলার পর থেকেই ইউসুফ আলী আত্মগোপনে ছিলেন।
র্যাব-১৩ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে চাপারহাট চব্বিশ হাজার গ্রামের এরশাদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে ইউসুফকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কালীগঞ্জ থানা পুলিশ।

