প্রধান উপদেষ্টার সঙ্গে কানাডিয়ান সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ
ঢাকা, ১২ নভেম্বর ২০২৫ (বুধবার):
সাত সদস্যের একটি কানাডিয়ান সংসদীয় প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সেনেটর সালমা আতাউল্লাহজান নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি বুধবার বিকেলে রাষ্ট্র অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার এবং রোহিঙ্গা সংকট মোকাবেলায় সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস প্রতিনিধি দলকে চলমান সংস্কার কার্যক্রম ও আগামী ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।
তিনি বলেন, “আপনারা এমন এক সময়ে বাংলাদেশে এসেছেন, যখন দেশটি একটি গুরুত্বপূর্ণ রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে—যুব সমাজের নেতৃত্বে একটি আন্দোলনের সময়। এখন আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা দেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে।”
রোহিঙ্গা সংকট বিষয়ে তিনি বলেন, “আট বছর কেটে গেছে। রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনই একমাত্র কার্যকর সমাধান। প্রায় ১২ লাখ মানুষ এখানে অবস্থান করছে। হাজার হাজার শিশু জন্ম নিচ্ছে—যাদের ভবিষ্যৎ অনিশ্চিত। এখন আর্থিক সহায়তা কমে যাওয়ায় পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠছে।”
সেনেটর সালমা আতাউল্লাহজান বলেন, তিনি রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্য দেবেন এবং কানাডার অব্যাহত সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, “রোহিঙ্গা ইস্যু নিয়ে আমি দীর্ঘদিন ধরে কথা বলছি। বিষয়টি অত্যন্ত গুরুতর। তাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়কে আরও মনোযোগী হতে হবে।”
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য সালমা জাহিদ (স্কারবোরো সেন্টার–ডন ভ্যালি ইস্ট, লিবারেল), সামির জুবেরি (বৈচিত্র্য, অন্তর্ভুক্তি ও প্রতিবন্ধী ব্যক্তিবিষয়ক মন্ত্রীর সংসদীয় সচিব এবং কানাডার পররাষ্ট্রবিষয়ক ও আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সদস্য), মাহমুদা খান (গ্লোবাল সিইও, হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল), মাসুম মাহবুব (সিইও, হিউম্যান কনসার্ন ইউএসএ), আহমাদ আতিয়া (সিইও, গেস্টাল্ট কমিউনিকেশনস) এবং উসামা খান (সিইও, ইসলামিক রিলিফ কানাডা)।
এসময় সামির জুবেরি বলেন, “আমরা বাণিজ্যের পরিধি বৈচিত্র্যময় করতে কাজ করছি। বাংলাদেশ ও কানাডার মধ্যে মানুষের মধ্যে সম্পর্ক অত্যন্ত দৃঢ়। আমাদের প্রধানমন্ত্রী সম্প্রতি এশিয়া সফর করেছেন বাণিজ্য সম্প্রসারণ ও বৈচিত্র্য আনার লক্ষ্যে।”
সাক্ষাৎকালে উভয় পক্ষ পোশাক শিল্প, কৃষি ও অন্যান্য খাতে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পে কানাডিয়ান বিনিয়োগ বাড়ানোর সুযোগ নিয়েও মতবিনিময় হয়।
সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।

