Sunday, November 15, 2026
Homeআন্তর্জাতিকবাংলাদেশকে আসিয়ানে অন্তর্ভুক্তির জন্য মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশকে আসিয়ানে অন্তর্ভুক্তির জন্য মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশকে আসিয়ানে অন্তর্ভুক্তির জন্য মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা
ঢাকা, রবিবার, ২৭ জুলাই: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রবিবার বাংলাদেশকে আসিয়ান (ASEAN)-এর সদস্যপদ প্রদানের ক্ষেত্রে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন।
রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার পিপলস জাস্টিস পার্টির (PKR) সহ-সভাপতি এবং দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা নুরুল ইজ্জাহ আনোয়ার-এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, “আমরা আসিয়ানের অংশ হতে চাই, আর এ জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।”
বাংলাদেশ ২০২০ সালে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য আবেদন করে। বর্তমানে আসিয়ানের চেয়ার হওয়ায়, মালয়েশিয়ার কাছ থেকে বিশেষভাবে সক্রিয় ভূমিকা আশা করেন প্রধান উপদেষ্টা।
মাইলস্টোন স্কুলে দুর্ঘটনার প্রসঙ্গে শোক
সাক্ষাতের শুরুতে নুরুল ইজ্জাহ ঢাকার মাইলস্টোন স্কুলে সাম্প্রতিক যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানান। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, “এটি আমাদের দেশের জন্য এক মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা। আমরা অনেক প্রিয় মানুষকে হারিয়েছি।”
রাজনৈতিক সংস্কার ও বিনিয়োগের আহ্বান
নুরুল ইজ্জাহকে তার নতুন পদে অভিষেকের জন্য অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “আপনাকে আপনার রাজনৈতিক দলের সহ-সভাপতি নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন।”
তিনি বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিবর্তন ও অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কারমূলক পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, “আমরা এখন এক সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের ছাত্ররা গুলির মুখে বুক পেতে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে হটিয়েছে। এটি প্রথমে ছাত্র আন্দোলন হিসেবে শুরু হলেও পরে সব শ্রেণির মানুষ এতে যুক্ত হয়।”
তিনি আরও বলেন, “ছাত্ররা দেওয়াল ও রাস্তা জুড়ে জুলাই অভ্যুত্থানের চেতনা এঁকে দিয়েছে।”
বাংলাদেশে মালয়েশিয়ান বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “এশিয়া দ্রুত বার্ধক্যের দিকে যাচ্ছে, কিন্তু বাংলাদেশে এখনও বিপুল তরুণ জনগোষ্ঠী রয়েছে। আমাদের অর্ধেক জনগণই ২৭ বছরের নিচে। আপনারা এখানে শিল্প-কারখানা স্থাপন করুন এবং এখান থেকে রপ্তানি করুন। এতে দুই দেশেরই অর্থনীতি উপকৃত হবে।”
সাক্ষাতে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments