দুই বাংলারই জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। একের পর এক সফল সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি পশ্চিমবঙ্গের চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছেন। কিন্তু এবার তাকে ঘিরে পশ্চিমবঙ্গের টালিউডে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক।
এই বিতর্কের সূত্রপাত ঘটেছে তৃণমূল কংগ্রেসের নেত্রী জুঁই বিশ্বাসের একটি ফেসবুক পোস্ট থেকে। সামাজিক মাধ্যমে প্রকাশিত সেই পোস্টে জুঁই বাংলাদেশের শিল্পীদের, বিশেষ করে জয়া আহসানের, টালিউডে কাজ পাওয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
তিনি লিখেছেন, “আমরা কি পশ্চিমবঙ্গের বাঙালিরা ঘুমিয়ে আছি? আমাদের অভিনেতারা তো বাংলাদেশে কাজের সুযোগ পান না। অথচ একজন বাংলাদেশি অভিনেত্রীকে (জয়াকে) এখানে রীতিমতো রেড কার্পেট সংবর্ধনা দিয়ে সুযোগ দেওয়া হচ্ছে!”
তিনি প্রশ্ন তোলেন—“পশ্চিমবঙ্গের কি এমন কোনো অভিনেত্রী নেই, যিনি জয়ার মতো চরিত্রে অভিনয় করতে পারেন? দেশ কি তবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ হয়ে গেল? প্রযোজক-পরিচালকেরা কি দেশবিরোধী কাজ করছেন না?”
পাকিস্তানি শিল্পীদের বর্জনের বলিউডি উদাহরণ টেনে তিনি আরও বলেন, “যদি বলিউড পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করতে পারে, তবে বাংলাদেশি শিল্পীদের প্রতি টালিউড এত উদার কেন?”
যদিও জুঁই বিশ্বাস তার বক্তব্যকে ব্যক্তিগত মত বলে উল্লেখ করেছেন, এবং জানিয়েছেন—এটি কোনো রাজনৈতিক দলের অবস্থান নয়, তবুও তার পোস্ট রাজনৈতিক এবং চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
উল্লেখ্য, আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ছবি ‘ডিয়ার মা’, যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন জয়া আহসান এবং চন্দন রায় সান্যাল। আরও রয়েছেন বর্ষীয়ান অভিনেতা ধৃতিমান চ্যাটার্জি ও শাশ্বত চ্যাটার্জি।

