আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী দের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার (২৬ অক্টোবর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অংশ নেন পাঁচটি সাংগঠনিক বিভাগের প্রায় সাড়ে তিন শতাধিক মনোনয়নপ্রত্যাশী।
সভায় তারেক রহমান বলেন, ‘আসন্ন নির্বাচনে যাকেই দল মনোনয়ন দেবে, তার পক্ষে সবাইকে একযোগে কাজ করতে হবে। যারা প্রকৃত বিএনপি কর্মী, তারা কখনো বিএনপিকে ভাঙতে দেবেন না।
দলীয় সূত্রে জানা যায়, বিকাল ৪টা থেকে চট্টগ্রাম ও রংপুর বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে প্রথমে মতবিনিময় শুরু করেন তারেক রহমান। এরপর ক্রমান্বয়ে ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লা বিভাগের নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেন।
চট্টগ্রাম, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কয়েকজন উপস্থিত মনোনয়নপ্রত্যাশী বলেন, বৈঠকের শেষদিকে তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য নানা দিক বিবেচনায় প্রার্থী বাছাই করা হচ্ছে। যাকে মনোনয়ন দেওয়া হবে, তার পাশে থেকে সবাইকে কাজ করতে হবে—তা না হলে দেশ ও জাতির ক্ষতি হবে।

