কক্সবাজারের টেকনাফ উপকূল দিয়ে নৌপথে মালয়েশিয়া পাচারের চেষ্টাকালে ২৯ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২২ অক্টোবর) সদর ইউনিয়নের রাজারছড়া মেরিনড্রাইভ সংলগ্ন সৈকতে পরিচালিত অভিযানে এসব ব্যক্তিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মানব পাচারে জড়িত তিন ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।
আটকরা হলেন সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়ার মো. নুরুল আবছার (১৯), মো. সলিম (৩৫) ও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মনসুর আলম (২২)।
বিজিবি জানায়, বুধবার সকালে সদর ইউনিয়নের রাজারছড়া গহীন পাহাড়ে অভিযানের সূত্র ধরে মেরিনড্রাইভ সংলগ্ন সৈকত থেকে একদল ব্যক্তিকে মানব পাচারকারীরা নৌপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জড়ো করেছে, এমন তথ্য পায় বিজিবি। পরে সন্ধ্যায় রাজারছড়া সৈকতে বিজিবির একটি টহলদল অভিযান পরিচালনা করেন। এসময় নৌপথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার জন্য ছোট নৌকায় গভীর সমুদ্রে অপেক্ষমান ট্রলারে পাঠানোর প্রস্তুতিকালে বিজিবি সদস্যরা ২৯ জন ভুক্তভোগীকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি ছোট নৌকা, দেশী অস্ত্র ও মোটর সাইকের জব্দের পাশাপাশি ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিক।
লে. কর্নেল মো. আশিকুর রহমান আরো বলেন, উদ্ধারকৃত ২৯ জন ভুক্তভোগীকে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। আটককৃত ৩ জন মানব পাচারকারীর বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা রুজু হয়েছে।

