থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতারা সোমবার একটি ‘শর্তহীন’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। পাঁচ দিন ধরে চলা সংঘর্ষে অন্তত ৩৬ জন নিহত হয়েছে এবং দুই লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
দুই দেশের মধ্যকার এই নতুন উত্তেজনা ১৯০৭ সালে কম্বোডিয়ার ফরাসি ঔপনিবেশিক শাসনামলে আঁকা অস্পষ্ট সীমারেখাকে ঘিরে বহুদিনের বিরোধকে আবারও জাগিয়ে তুলেছে। এই বিরোধপূর্ণ সীমান্ত অঞ্চল নিয়ে ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল।
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সরকারি বাসভবনে আয়োজিত এক মধ্যস্থতাকারী বৈঠকের পর এ ঘোষণা এসেছে। বর্তমানে আসিয়ানের চেয়ার পদে রয়েছে মালয়েশিয়া। আনোয়ার ইব্রাহিম ঘোষণা দেন, ‘এই যুদ্ধবিরতিটি অবিলম্বে কার্যকর হবে—২৮ জুলাই মধ্যরাত থেকে।’
থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত বৈঠকে আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে গ্রিনিচ মান সময় সকাল ৭টার কিছু পর সাক্ষাৎ করেন।

