জাপানের ওসাকায় বাংলাদেশ দূতাবাস ও BSSAJ-এর যৌথ সেমিনার অনুষ্ঠিত
“Challenges and Potentials of Japanese Language Institutes: Bringing Students from Bangladesh” শীর্ষক সেমিনার
আজ জাপানের ওসাকা শহরে বাংলাদেশ দূতাবাস এবং Bangladesh Students’ Support Association in Japan (BSSAJ)-এর যৌথ উদ্যোগে “Challenges and Potentials of Japanese Language Institutes: Bringing Students from Bangladesh” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী। এতে জাপানের প্রায় ৩০টি জাপানি ভাষা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী তাঁর বক্তব্যে বলেন, জাপানে বর্তমানে ক্রমবর্ধমান শ্রম সংকট বিদ্যমান এবং এ প্রেক্ষাপটে বিদেশি শ্রমিকের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশে রয়েছে উদ্যমী ও প্রযুক্তি জ্ঞানসম্পন্ন বিশাল এক তরুণ জনগোষ্ঠী, যাঁদের জাপানি ভাষায় দক্ষ করে তোলার মাধ্যমে জাপানের শ্রম বাজারে সম্পৃক্ত করা সম্ভব। এর ফলে উভয় দেশের অর্থনীতি উপকৃত হবে।
তিনি জাপানি ভাষা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও অধিক সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী ভর্তির আহ্বান জানান এবং উল্লেখ করেন যে, এই প্রতিষ্ঠানগুলো এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের কিউসু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আসির আহমেদ। তিনি জাপানে তাঁর অভিজ্ঞতা তুলে ধরেন এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জাপানি ভাষা শিক্ষায় আরও সুযোগ তৈরির প্রয়োজনীয়তার কথা বলেন।
BSSAJ-এর সভাপতি নাগামাস্যু ফারুকসহ অন্যান্য বক্তারা বাংলাদেশের শিক্ষার্থীদের জাপানে ভাষাশিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন।

