এয়ারপোর্ট এলাকায় ছিনতাই, মাদকসেবন ও পকেটমারী: ২ দিনে ৮ জনের কারাদণ্ড।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের অন্যতম ব্যস্ত ও জনাকীর্ণ একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। ন্যাশনাল হাইওয়ে ও রেলস্টেশনের পাশে অবস্থিত এই বিমানবন্দরটি ব্যস্ত সময়ে একসাথে প্রায় ৪০ হাজারের বেশি যাত্রী ব্যবহার করে থাকেন। অনেক সময় ধারণক্ষমতার চেয়েও দেড়গুণ বেশি যাত্রীকে সেবা দিতে হয়, যা নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বড় চ্যালেঞ্জ তৈরি করে।
নিয়ম অনুযায়ী একজন যাত্রীর সাথে সর্বোচ্চ দুইজন সহযাত্রীর প্রবেশের সুযোগ থাকলেও পারিবারিক ও সামাজিক বাস্তবতায় অনেক সময় অতিরিক্ত লোকজন বিমানবন্দর এলাকায় ভিড় জমাচ্ছেন। এর ফলে এয়ারপোর্ট এর বাইরে ও আশপাশের এলাকায় যাত্রী ও সহযাত্রীদের ছিনতাই, পকেটমারী, মাদকসেবন ও ভিক্ষুকদের উৎপাতের মুখে পড়তে হচ্ছে।
এই পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বপ্রাপ্ত এপিবিএন, বাংলাদেশ বিমান বাহিনী, আনসার ও পুলিশ সদস্যরা নিয়মিত অভিযান চালিয়ে অপরাধীদের আটক করছেন। সিসিটিভি ফুটেজ, ভিডিও প্রমাণ, সাক্ষ্য ও দোষ স্বীকারোক্তির ভিত্তিতে এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট আদালতে দ্রুত বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হচ্ছে।
শুধু বিগত দুই দিনেই ছিনতাই, মাদকসেবন ও পকেটমারীর অভিযোগে ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
(প্রকাশিত ছবিতে ৬ জনের মুখ ব্লার করা হয়েছে)
কর্তৃপক্ষ আশা করছে, এই ধারাবাহিক অভিযানের ফলে বিমানবন্দর এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
আশার বিষয় হলো, এর আগেও ইভ টিজিংয়ের অপরাধে কারাদণ্ড প্রদানের পর সম্মিলিত উদ্যোগের ফলে বর্তমানে বিমানবন্দর এলাকায় ইভ টিজিংয়ের কোনো অভিযোগ বা দৃশ্যমান ঘটনা পাওয়া যাচ্ছে না।
আইনশৃঙ্খলা রক্ষা একটি চলমান ও ধারাবাহিক প্রক্রিয়া। হঠাৎ করে সব সমস্যা সমাধান সম্ভব না হলেও সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতির আরও উন্নতি সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, নিরাপত্তা সংস্থা এবং এয়ারপোর্ট ব্যবহারকারী সবাই আইন ও বিধি মেনে নিজ নিজ দায়িত্ব পালন করলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আরও নিরাপদ ও যাত্রীবান্ধব হয়ে উঠবে—এমনটাই প্রত্যাশা।
ভালো থাকুক আমাদের মানুষ,

