হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভসেকের সফল অভিযান:
আন্তর্জাতিক যাত্রীর লাগেজ থেকে ১,৬৪০ পিস ইয়াবা উদ্ধার
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় এভিয়েশন সিকিউরিটি (AVSEC) বিভাগের সতর্কতা ও দক্ষতায় আবারও বড় ধরনের চোরাচালান প্রচেষ্টা ভেস্তে গেছে। গত রাত ১০টায় ঢাকা থেকে মালদ্বীপগামী এক আন্তর্জাতিক যাত্রীর চেক-ইন প্রক্রিয়ার সময় দায়িত্বরত স্ক্রিনার লাগেজ স্ক্রিনিংয়ে সন্দেহজনক বস্তু শনাক্ত করেন।

পরে বিস্তারিত তল্লাশিতে যাত্রীর লাগেজ থেকে ১,৬৪০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অবৈধ মাদক শনাক্তের পরপরই বিষয়টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে জানানো হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে এসে যাত্রীকে অফলোড, আটক ও হেফাজতে নেন এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেন।
বেবিচক কর্তৃপক্ষ জানায়, স্ক্রিনারের সতর্কতা, দায়িত্বশীলতা ও নিখুঁত স্ক্রিনিংয়ের কারণেই চোরাচালানকারীর এ প্রচেষ্টা ব্যর্থ হয়। তারা আরও জানান, এই সফলতা বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে এভসেকের পেশাদার ভূমিকা প্রশংসনীয়।

