মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচালিত এক বিশেষ অভিযানে নিরাপত্তা পরীক্ষায় ব্যর্থ হওয়ায় বাংলাদেশিসহ ৯৯ জন বিদেশিকে দেশটিতে প্রবেশে বাধা দিয়েছে মালয়েশিয়ান কর্তৃপক্ষ।
২৫ জুলাই, মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি (একেপিএস) পরিচালিত এই অভিযানে ৪০০ জনের বেশি যাত্রীকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়। এর মধ্যে( ৮০ জন বাংলাদেশি), ১০ জন ভারতীয় এবং ৯ জন পাকিস্তানি নাগরিককে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
অভিযানটি পরিচালিত হয় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (KLIA) টার্মিনাল ১-এ, সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। একেপিএস-এর মনিটরিং ইউনিট ও ইন্টিগ্রিটি ইউনিটের নেতৃত্বে পরিচালিত অভিযানে যাত্রীদের ব্যাকগ্রাউন্ড চেক, ভ্রমণ নথি যাচাই এবং সরাসরি সাক্ষাৎকার নেওয়া হয়।একেপিএস জানায়, অভিযুক্ত যাত্রীদের ভ্রমণের উদ্দেশ্য সন্দেহজনক ছিল এবং তারা মালয়েশিয়ার অভিবাসন আইন অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণ দাখিল করতে ব্যর্থ হন। ফলস্বরূপ, তাদের আইনি প্রক্রিয়া অনুযায়ী নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।এর আগে, ২৪ জুলাই একই ধরনের অভিযানে নিরাপত্তা ও অভিবাসন শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ১২৩ জন বাংলাদেশিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয়।
এ নিয়ে মাত্র দুই দিনে মোট ২০৩ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া সরকার।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঘটনা আবারও প্রমাণ করে যে বৈধ কাগজপত্র ও যথাযথ অভিবাসন প্রস্তুতি ছাড়া বিদেশ ভ্রমণ বা কর্মসংস্থান গ্রহণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

