” দাবি না মানলে বিএমইটি ঘেরাওয়ের হুঁশিয়ারি বায়রার “
নিজস্ব প্রতিবেদক | সময় সংবাদ
ঢাকা, ১০ নভেম্বর:
মানবপাচার প্রতিরোধ ও অভিবাসী আইনের বিভিন্ন ধারায় বৈধ অভিবাসন বাধাগ্রস্ত হচ্ছে— এমন অভিযোগ তুলে আন্দোলনে নেমেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা)। সংগঠনের নেতারা জানিয়েছেন, সরকারি বিভিন্ন সংস্থার আমলাতান্ত্রিক জটিলতা ও অপতৎপরতা বন্ধ না হলে তাদের ব্যবসা আরও সংকুচিত হবে।
সোমবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কার্যালয়ের সামনে মানববন্ধন করে বায়রার সদস্যরা। মানববন্ধনে তারা মানবপাচার প্রতিরোধ আইন ২০১২ ও অভিবাসী আইন ২০১৩-এর কিছু ধারার অসঙ্গতির কথা তুলে ধরেন।
বায়রার পক্ষ থেকে ১০ দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখ যোগ্য রয়েছে—
লাইসেন্স নবায়নে আগের প্রক্রিয়া অনুসরণ,
৪৫টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স পুনর্বহাল,
বোয়েসেলের একক এজেন্সি ব্যবস্থা বাতিল,
এবং অভিবাসন প্রক্রিয়ায় বেসরকারি খাতের ভূমিকা নিশ্চিত করা।
শ্রমবাজার রক্ষা আন্দোলনের সদস্য সচিব মো. মহিউদ্দিন বলেন,
“দেশ ও দেশের মানুষের স্বার্থে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
তিনি আরও হুঁশিয়ারি দেন, মঙ্গলবার (১১ নভেম্বর) পর্যন্ত দাবিগুলো বাস্তবায়ন না হলে বুধবার (১২ নভেম্বর) থেকে বিএমইটি ঘেরাও করে কর্মসূচি আরও কঠোর করা হবে।
মানববন্ধন শেষে বায়রার একটি প্রতিনিধি দল বিএমইটির মহাপরিচালকের সঙ্গে বৈঠকে বসে দাবি তুলে ধরে।

