Sunday, November 15, 2026
Homeফিচারদেশে ট্রাভেল এজেন্সি ব্যবসায় শতভাগ দেশীয় মালিকানার শর্ত

দেশে ট্রাভেল এজেন্সি ব্যবসায় শতভাগ দেশীয় মালিকানার শর্ত

দেশে ট্রাভেল এজেন্সি ব্যবসায় শতভাগ দেশীয় মালিকানার শর্ত, খাতজুড়ে মিশ্র প্রতিক্রিয়া

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় দেশে ট্রাভেল এজেন্সি ব্যবসায় শতভাগ দেশীয় মালিকানার শর্ত আরোপের প্রস্তাব করেছে। সম্প্রতি প্রকাশিত ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ২০২৫’–এর খসড়ায় এই শর্ত যুক্ত করা হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাভেল এজেন্সি ব্যবসা সম্মন্ধে

অনলাইন প্ল্যাটফর্মে গ্রাহক হয়রানি রোধ ও আকাশপথে সুশাসন নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গঠিত কমিটি ইতিমধ্যে তিনটি সভা করেছে এবং অংশীজনদের মতামত ও প্রতিবেশী দেশের আইন বিশ্লেষণ করে খসড়া প্রণয়ন করেছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে খসড়াটি প্রকাশ করে সাত দিনের মধ্যে মতামত দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

তবে এ খাতের বিদেশি বিনিয়োগে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলো বলছে, এই নীতিমালা বাস্তবায়িত হলে বাংলাদেশের পর্যটন ও প্রযুক্তিনির্ভর ভ্রমণ খাতের বিকাশ ব্যাহত হবে এবং বৈদেশিক বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক বার্তা যাবে।

শেয়ারট্রিপের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাদিয়া হক বলেন, “দেশে শেয়ারট্রিপ, গোযায়ান ও সহজসহ ভ্রমণপ্রযুক্তি কোম্পানিগুলো এখন পর্যন্ত প্রায় আড়াই কোটি ডলারের বিদেশি বিনিয়োগ এনেছে। এর ফলে শত শত কর্মসংস্থান তৈরি হয়েছে। নতুন নীতিমালা বাস্তবায়িত হলে এটি দেশের স্টার্টআপ ইকোসিস্টেম ও বৈশ্বিক বিনিয়োগ পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলবে।”

গোযায়ানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রিদওয়ান হাফিজ বলেন, “আমরা বিশ্বের নামকরা ভেঞ্চার ক্যাপিটাল থেকে বিনিয়োগ এনেছি। নতুন খসড়া বাস্তবায়িত হলে এটি বাংলাদেশের ভাবমূর্তির জন্য আত্মঘাতী হবে। সরকার যেখানে বিদেশি বিনিয়োগ আকর্ষণে নানা উদ্যোগ নিচ্ছে, সেখানে এই প্রস্তাব তার বিপরীত।”

২০১৭ সালে যাত্রা শুরু করা গোযায়ান ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর ও হংকং থেকে এক কোটি ডলারের বেশি বিনিয়োগ পেয়েছে এবং প্রায় ২৫০ জন কর্মী নিয়ে কাজ করছে। তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করেছেন প্রায় ১৫ লাখ গ্রাহক।

ট্রাভেল এজেন্সি ব্যবসায় শতভাগ দেশীয় মালিকানার শর্ত আরোপের প্রস্তাব
প্রতিকি ছবি, ট্রভেল এজেন্সি

অন্যদিকে, খাতের স্থানীয় উদ্যোক্তাদের সংগঠনগুলো বলছে, নতুন নীতিমালা দেশীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের বিকাশে সহায়ক হবে।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি মো. রাফেউজ্জামান বলেন, “দেশীয় উদ্যোক্তারা দীর্ঘদিন ধরে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন। এই নীতিমালা বাস্ত বায়িত হলে তারা বিকশিত হওয়ার সুযোগ পাবেন।”বর্তমানে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) তথ্য অনুযায়ী, দেশে প্রায় ৬,৫০০ ট্রাভেল এজেন্সি কার্যক্রম পরিচালনা করছে।

অন্যদিকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) বিজনেস ডেভেলপমেন্ট প্রধান নাহিয়ান রহমান বলেন, “ট্রাভেল এজেন্সি খাতে বৈদেশিক বিনিয়োগের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা সেবা খাতের বিকাশ ও প্রতিযোগিতা বাড়াতে বাধা সৃষ্টি করতে পারে। বিদেশি বিনিয়োগ স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ায়। আমরা বিষয়টি পরবর্তী পরামর্শ সভায় তুলব, যাতে ভারসাম্যপূর্ণ নীতিগত অবস্থানে পৌঁছানো যায়।”

বিশ্লেষকদের মতে, নীতিমালাটি বাস্তবায়িত হলে একদিকে দেশীয় উদ্যোক্তারা উৎসাহ পাবেন, অন্যদিকে বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হওয়ার ঝুঁকি তৈরি হবে। এখন দেখার বিষয়, অংশীজনদের মতামত বিবেচনায় নিয়ে সরকার কতটা ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নেয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments