নেদারল্যান্ডসের নতুন ভিসা সেন্টার উদ্বোধন বনানীতে
বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বমেল সোমবার (৩ নভেম্বর) রাজধানীর বনানীতে নবনির্মিত নেদারল্যান্ডস ভিসা সেন্টারের উদ্বোধন করেন। নতুন এ কেন্দ্রটি বাংলাদেশি নাগরিকদের স্বল্পমেয়াদি (সি ক্যাটাগরি) ও ক্যারিবীয় অঞ্চলের ভিসা আবেদন গ্রহণ করবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদনকারীরা অনলাইনে সময় নির্ধারণ করে ২ নভেম্বর থেকে নতুন কেন্দ্রে ভিসা আবেদন জমা দিতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত জোরিস ভ্যান বমেল বলেন, “এই উদ্যোগ নেদারল্যান্ডস ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করার প্রতিফলন।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ নেদারল্যান্ডসের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। ব্যবসা, শিক্ষা ও জনগণের মধ্যে যোগাযোগ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। নতুন এই কেন্দ্র ভ্রমণকারীদের জন্য আরও আধুনিক, কার্যকর ও স্বাচ্ছন্দ্যপূর্ণ অভিজ্ঞতা এনে দেবে।”
ভিএফএস গ্লোবালের এক মুখপাত্র জানান, নতুন ভিসা সেন্টার আবেদনকারীদের জন্য উন্নত ও নির্বিঘ্ন সেবা নিশ্চিত করবে, যা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পৃক্ততাকে আরও শক্তিশালী করবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আবেদনকারীরা কুরিয়ার ডেলিভারি ও এসএমএস নোটিফিকেশনসহ অতিরিক্ত সেবা গ্রহণ করতে পারবেন। তবে এসব সেবা ভিসা সিদ্ধান্ত বা প্রক্রিয়াকালকে প্রভাবিত করবে না।
ভিসা সংক্রান্ত প্রশাসনিক ও বায়োমেট্রিক কাজগুলো পরিচালনা করবে ভিএফএস গ্লোবাল, তবে ভিসা অনুমোদনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের বোরাক মেহনুর ভবনের সপ্তম তলায় (৫১/বি, লেভেল ৭, ঢাকা-১২১৩) অবস্থিত কেন্দ্রটি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

