Travel Agency ) ট্রাভেল এজেন্সি গুলোকে এয়ারলাইন্সের টিকিটে মূল্য লেখার নির্দেশ
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং বাংলাদেশ ( Travel Agency ) ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
টিকিটের গায়ে মূল্য উল্লেখ করার নির্দেশ ( Travel Agency ) ট্রাভেল এজেন্সি কে
বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, এখন থেকে সব ট্রাভেল এজেন্সিকে এয়ারলাইন্সের টিকিটের গায়ে মূল্য উল্লেখ করতে হবে। টিকিটে মূল্য না লিখলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, “গত ১৬ বছর ধরে এই খাতে দুঃশাসন ও দুর্বৃত্তায়নের সংস্কৃতি গড়ে উঠেছে। আইনের দুর্বলতার সুযোগে অভিবাসী শ্রমিকদের কাছ থেকে টিকিটের প্রকৃত মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি দাম নেওয়া হয়েছে।”
বিমান উপদেষ্টা জানান, “মধ্যপ্রাচ্যের ৩০ বা ৪০ হাজার টাকার টিকিট ১ লাখ ৫০ হাজার থেকে ১ লাখ ৯০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। নতুন আইন প্রতিযোগিতামূলক দরে টিকিট বিক্রয় ও যাত্রীদের অধিকার নিশ্চিত করবে। ”তিনি আরও বলেন, “এখন থেকে একটি এজেন্সির টিকিট অন্য এজেন্সি বিক্রি করতে পারবে না। দীর্ঘদিন ধরে আড়তদারি ব্যবসার মতো করে টিকিট বেচাকেনায় যে নৈরাজ্য চলছিল, তা বন্ধ হবে।”
বশিরউদ্দীন জানান, গত বছর বাংলাদেশ থেকে ৩২ লাখ মানুষ বিদেশে গিয়েছে। তাদের কাছ থেকে অতিরিক্ত হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পাচার করা হয়েছে।
নতুন আইনে গ্রুপ টিকিট বুকিং কেবল পরিবার বা সংগঠনের সদস্যদের জন্য অনুমোদিত থাকবে। বিএমইটির সার্টিফাইড শ্রমিকদের নামে কোনো গ্রুপ টিকিট দেওয়া যাবে না।
উপদেষ্টা আরও জানান, “এয়ারলাইন্সের সব কার্যক্রম এখন অটোমেটিক পদ্ধতিতে পরিচালিত হয়। তাই কে কোথা থেকে টিকিট বিক্রি করছে, তা সহজেই সফটওয়্যারের মাধ্যমে শনাক্ত করা সম্ভব।”তিনি বলেন, “ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন অথরিটি ও ভ্রাম্যমাণ আদালত এই বিধান বাস্তবায়নে কাজ করবে।”
জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগ ঐচ্ছিক করায় কর্মসংস্থান হারানোর আশঙ্কার বিষয়ে উপদেষ্টা বলেন, “এই দাবি ভিত্তিহীন ও অসত্য। দেশে ৩২টি এয়ার অপারেটর রয়েছে এবং একটি জিএসএ একাধিক অপারেটরের কার্যক্রম পরিচালনা করছে।”
নতুন আইনে একই পরিবারের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর মধ্যে লেনদেন স্বতন্ত্রভাবে করতে হবে, এবং এজেন্সি আইডি শেয়ার করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। সর্বোচ্চ শাস্তি হিসেবে ১০ লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, হজ ফ্লাইটের খরচ কমানোর জন্য চার্টার ফ্লাইটকে কমার্শিয়াল ফ্লাইটে রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে হজযাত্রীদের ব্যয় কমবে, প্রবাসী বাংলাদেশিরা কম খরচে দেশে ফিরতে পারবেন, এবং বিমানের মুনাফাও বাড়বে বলে আশা প্রকাশ করেন বিমান উপদেষ্টা।

