মালয়েশিয়া শ্রমবাজারে দুর্নীতি: ৯ জনের বিরুদ্ধে মামলা
স্টাফ রিপোর্টার | প্রবাসী টিভি
মালয়েশিয়া র শ্রমবাজারে জনশক্তি রপ্তানিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আসামিরা হলেন—
মেসার্স আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মালিক রুহুল আমিন,
সাদিয়া ইন্টারন্যাশনালের মালিক শামীম আহমেদ চৌধুরী নোমান,
ইমপেরিয়াল রিসোর্স লিমিটেডের চেয়ারম্যান মো. ইকবাল হোসাইন ও ব্যবস্থাপনা পরিচালক মো. বদরুদ্দৌজা চৌধুরী,
আরআরসি হিউম্যান রিসোর্স সার্ভিস লিমিটেডের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান ও এমডি মো. আলমগীর কবীর,
এবং থানেক্স ইন্টারন্যাশনাল লিমিটেডের সাবেক এমডি আব্দুল্লাহ শাহেদ, পরিচালক মো. জয়নাল আবেদীন ও শামসের আহমেদ।
অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা গেছে, মালয়েশিয়া প্রবাসে পাঠানোর নামে এই আসামিরা ৩,৩৩১ জন কর্মীর কাছ থেকে সরকার নির্ধারিত ৭৮,৯৯০ টাকার পাঁচগুণ পর্যন্ত বাড়তি অর্থ আদায় করেছেন।
তারা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে প্রবাসে যেতে ইচ্ছুক শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেন এবং বিএমইটি ও বায়রা’র নিবন্ধন শর্ত ভঙ্গ করে অবৈধভাবে শ্রমিক নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান সূত্রে জানা যায়, এই অনিয়মের মাধ্যমে আসামিরা বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করেছেন, যা সরকারের ভাবমূর্তি ও প্রবাসী কর্মসংস্থানের ক্ষেত্রকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
দুদক সূত্রে জানা গেছে, এ ঘটনায় শিগগিরই আনুষ্ঠানিক চার্জশিট দাখিলের প্রস্তুতি চলছে।

